হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন অত্যাধুনিক ড্রোন
পারস্য উপসাগরে নজরদারি অভিযানের সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, গত ৯ এপ্রিল হরমুজ প্রণালি এলাকায় এ ঘটনা ঘটে।
বিধ্বস্ত ড্রোনটি ছিল এমকিউ-৪সি ট্রাইটন হাই অল্টিচ্যুড সার্ভেইলেন্স মডেলের, যা যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নতমানের নজরদারি ড্রোন হিসেবে পরিচিত। দিন-রাত টানা ২৪ ঘণ্টা আকাশে থেকে নজরদারি চালাতে সক্ষম হওয়ায় এটিকে অনেক সময় ‘ডানাযুক্ত উপগ্রহ’ বলা হয়। ড্রোনটির আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি মার্কিন ডলার।
ড্রোনটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান নর্থরুপ গ্রুম্যান। এটি ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত সিগোনেল্লা নৌঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।
মার্কিন নৌবাহিনী জানায়, নিয়মিত প্রায় তিন ঘণ্টার নজরদারি শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ বিপদ সংকেত পাঠাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই এর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় অবস্থানকালে ড্রোনটি আচমকা দ্রুত নিচের দিকে নামতে শুরু করে এবং এরপর আর এর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ড্রোনটি কোনো হামলার শিকার হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে সাম্প্রতিক অস্থায়ী যুদ্ধবিরতির মাত্র দুই দিন পর, যা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






আপনার মতামত লিখুন