হরমুজে ‘নতুন নিয়ম’ আনবে ইরান, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা মোজতবা খামেনির
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি অঞ্চলে একটি “নতুন অধ্যায়” শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এই জলপথে শত্রুপক্ষের প্রভাব নির্মূল করবে এবং নতুন নিয়ম ও ব্যবস্থাপনার মাধ্যমে অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এসব মন্তব্য করেন।
খামেনি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি শুধু ভূরাজনৈতিক নয়, বরং মুসলিম বিশ্বের পরিচয়, সভ্যতা ও অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ অংশ। তার ভাষ্য অনুযায়ী, এই অঞ্চল দীর্ঘদিন ধরে বিদেশি শক্তির আগ্রাসন ও আধিপত্যের শিকার হয়েছে।
তিনি যুক্তরাষ্ট্রকে “মহা শয়তান” উল্লেখ করে বলেন, সাম্প্রতিক উত্তেজনা প্রমাণ করেছে যে বিদেশি সামরিক উপস্থিতিই উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাহীনতার প্রধান কারণ।
ইরানের সর্বোচ্চ নেতা দাবি করেন, দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী ও আইআরজিসি গত কয়েক সপ্তাহে বিদেশি চাপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে এবং এই লড়াই আঞ্চলিক জনগণের কাছে নতুন বাস্তবতা তুলে ধরেছে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে নতুন আইন ও ব্যবস্থাপনা কার্যকর হলে তা পুরো অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তার জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনবে।
খামেনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে। ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার ওপর আঞ্চলিক মিত্রদের নির্ভরশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি।






আপনার মতামত লিখুন