খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

এটা হচ্ছে আমাদের পরিকল্পিত ধাপ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

ছবি-সংগৃহীত

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন, যা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ বলেন, দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে। এর মধ্যে আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে আছে, সেগুলো পরে এ ধাপে সমন্বয় করা যাবে। এটা হচ্ছে আমাদের পরিকল্পিত ধাপ। সংখ্যা এবং এটার স্পেসিফিক নামগুলো আগামী বৃহস্পতিবারে ওয়েবসাইটের মাধ্যমে সবাই জেনে যাবেন।

তিনি জানান, ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে আলোচনা করতে চায় কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি কমিশন সভায় আলোচনা হয়েছে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে।

তিনি বলেন, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তথা ইউপি নির্বাচন শুরু করার পূর্বে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নির্বাচনের মতোই একটি ডায়ালগ করব এবং এই ডায়ালগটা আগামী ১০ ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হবে। সংলাপে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।

প্রথম ধাপের নির্বাচন আয়োজনের সময়সূচি প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, ধরে নেন যদি প্রথম ধাপের নির্বাচন তো আমরা বলে দিয়েছি, ২১ জানুয়ারি, তার থেকে প্লাস-মাইনাস ৫০ দিন—এটা জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন। তবে কোন ইউনিয়নে ঠিক কবে ভোট হবে, সে বিষয়ে বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে। স্থানীয় সরকার নির্বাচন বরং আইন-শৃঙ্খলা কোনো কোনো ক্ষেত্রে ভালো রাখতে সহায়তা করবে।

তফসিলের দিন বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন

নির্বাচন আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন নির্বাচন বিদ্যমান আইন অনুযায়ী হবে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, অন দ্য ডে-যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন বিদ্যমান যে আইন থাকবে সেটা অনুযায়ী নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি। জাতীয় নির্বাচন নিয়ে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছিল।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে বা এ ধরনের কোনো দাবি আমাদের কাছে এসেছে। জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছিল এবং আমরা যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ডেপ্লয় করব।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্মার্ট কার্ড ছাপায় সফটওয়্যার জটিলতা

কমিশন সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা এবং স্মার্ট কার্ড ছাপানোর কাজে চলমান সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে। গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে বলে জানান সানাউল্লাহ। তবে এ কারণে এনআইডির কোনো সেবা বন্ধ নেই বলে দাবি করেন তিনি।

সানাউল্লাহ বলেন, এনআইডি কার্ড প্রিন্ট তো বন্ধ নাই, স্মার্ট কার্ড প্রিন্ট বন্ধ নাই। স্মার্ট কার্ডের ওখানে আমাদের গত চার-পাঁচ দিন ধরে একটা সফটওয়্যার সমস্যা করছে, সেটারই স্বরূপ নিরূপণ করা হচ্ছে।

তিনি বলেন, সফটওয়্যারের সমস্যা সমাধানের কাজ চলছে। আশা করা হচ্ছে, যেকোনো সময় এটি ঠিক হয়ে যাবে। তবে কারও এনআইডি সেবা বন্ধ নেই। কারও এনআইডি অনুমোদিত হলে তিনি নিজেই ওয়েবসাইটে গিয়ে সেটি প্রিন্ট করে ল্যামিনেট করে ব্যবহার করতে পারবেন।

এনআইডি সেবার চুক্তি নবায়ন না হওয়া এবং অতীতের অডিট আপত্তি নিয়েও কমিশন সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তা নবায়ন করা হয়নি। এর মধ্যে একটি অডিট আপত্তিও অনিষ্পন্ন রয়েছে। এ অবস্থায় কীভাবে কাজ চালিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করছে কমিশন।

সানাউল্লাহ বলেন, এই মুহূর্তে আমাদের চুক্তিহীন অবস্থায় কিছু কাজ আছে। সেগুলোকে কীভাবে সমস্যার সমাধান করা যায়—এটা দীর্ঘদিনের সমস্যা, আমরা সমাধান করার চেষ্টা করছি, যাতে করে আমাদের কার্ডটা ফুল স্কেলে প্রিন্ট করা যায়।

ভবিষ্যতে কমিশন চুক্তির আওতায় সব কাজ করবে জানিয়ে তিনি বলেন, এই কমিশনের সিদ্ধান্ত হচ্ছে আমরা ভবিষ্যতে যে কাজগুলোই করব চুক্তির আওতাতেই করব। এনআইডি সেবা একটি জাতীয় সেবা হওয়ায় তা বন্ধ রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইভিএম নিষ্পত্তিতে গাজীপুর থেকে কাজ শুরু

নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে গঠিত কমিটির অগ্রগতি সম্পর্কে কমিশন সভায় আলোচনা হয়েছে।

সানাউল্লাহ বলেন, এই ইভিএমগুলোর ডিসপোজালের ব্যাপারে একটা কমিটি ফর্ম করা হয়েছিল। সেই কমিটির কাজের অগ্রগতি সম্বন্ধে একটা ধারণা কমিশন আজকে গ্রহণ করেছেন।

তিনি জানান, গাজীপুর থেকে এ কাজ শুরু করা হবে। সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে। প্রথমে মাঠপর্যায়ের বিভিন্ন স্তরে ইভিএমের সংখ্যা ও অবস্থা নিরূপণ করা হবে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।

ইভিএম নিষ্পত্তির ক্ষেত্রে পরিবেশগত উদ্বেগ এবং এ খাতে আর্থিক ক্ষতির বিষয়ে প্রশ্ন করা হলে সানাউল্লাহ বলেন, এসব বিষয় এখনো কমিশনের আলোচনায় আসেনি। আগে কমিটির সুপারিশ পাওয়া প্রয়োজন। তিনি বলেন, এগুলো প্যারালাল ইস্যু, প্যারালাল। এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি না। আগে কমিটি থেকে আমরা রেকমেন্ডেশন পাই কোন পদ্ধতি।

ইভিএম নিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন এবং দুর্নীতি দমন কমিশনেও আলোচনা বা তদন্ত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার পর ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

ইভিএম নিষ্পত্তির একাধিক পদ্ধতি থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ডিসপোজাল শুধু একটা পদ্ধতি নয়। দেয়ার আর মেনি ওয়েজ উই ক্যান ডিসপোজ। আমরা একটা সলিউশন খুঁজছি। আমাদের কমিটি যখন কাজ করে আমাদেরকে রেকমেন্ড করবে তখন বোঝা যাবে যে কোনটা আমরা অ্যাডপ্ট করব।

ইভিএম-সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের ২৩ কোটি টাকার পাওনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে সানাউল্লাহ বলেন, আগের কমিশন একটি নির্দিষ্ট ভিত্তিতে ওই অর্থের পরিশোধ বন্ধ রেখেছিল। সেই সিদ্ধান্তের কারণ ও বিষয়টির পূর্ণাঙ্গ অবস্থা না জেনে বর্তমান কমিশন তা পরিবর্তন করতে চায় না।

তিনি বলেন, ২৩ কোটি টাকার একটা পেমেন্ট কোনো একটা প্রতিষ্ঠানকে পূর্ববর্তী কমিশন বন্ধ রেখেছিল। যে গ্রাউন্ডে বন্ধ রেখেছিল এই কমিশন তো ওই গ্রাউন্ড সম্বন্ধে পূর্ণ ওয়াকিবহাল না হওয়া পর্যন্ত বা ওটার একটা রেজুলেশন না পাওয়া পর্যন্ত একটা কমিশনের সিদ্ধান্ত আরেকটা কমিশন ওইভাবে টপল করে দিবে না সামারিলি।

জাতীয় পরিচয়পত্র সেবার সব দিক নিয়ে আগামী পরশু একটি কর্মশালা আয়োজন করবে নির্বাচন কমিশন। সেখানে সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার পাশাপাশি সেবাগ্রহীতা এবং কমিশনের ভেতরে-বাইরে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা হবে।
সানাউল্লাহ বলেন, কর্মশালায় সাংবাদিকদের প্রতিনিধিরাও অংশ নেবেন। নির্বাচন কমিশনের ১২ জন আরএফইডি সদস্যের মধ্যে ১০ জনের অংশ নেওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবাকে আরও কীভাবে সহজীকরণ করা যায়, জনবান্ধব করা যায়, পাশাপাশি যেসব সমস্যা দিয়ে আমরা প্রতিনিয়ত ফেস করে থাকি আমাদের ভেতরে এবং বাইরে সেগুলো কীভাবে নিরসন করা যায়, এই আলোকে আমরা ওয়ার্কশপটা অনুষ্ঠান করব আগামী পরশুদিন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি