নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট
আইজেনকোট ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের কাজে ব্যস্ত
ছবি-সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নির্বাচনে হস্তক্ষেপের তথ্য ফাঁস হওয়ার পর, তার দল লিকুদ পার্টির ঐক্য সরকার গঠনের যাবতীয় সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। সোমবার ইসরায়েলি সম্প্রচার সংবাদমাধ্যম কান-কে এ তথ্য নিশ্চিত করেছে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোটের একাধিক সূত্র।
‘চেঞ্জ’ জোটের একাধিক নেতা এ ঘটনাকে একটি ‘অভ্যুত্থানের প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং শিন বেট প্রধান ডেভিড জিনি ও মোসাদ প্রধান রোমান গোফম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন।
আইজেনকোট বর্তমানে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের কাজে ব্যস্ত আছেন। তার জোটে নাফতালি বেনেট, ইয়ার গোলান এবং আভিগদোর লিবারম্যানের মতো বিরোধী রাজনীতিবিদদের নেতৃত্বাধীন দলগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
‘কান’ জানিয়েছে, গত সপ্তাহে নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) শপথ গ্রহণ অনুষ্ঠানে আরব দলগুলোকে লক্ষ্য করে বিরুদ্ধে নেতানিয়াহুর আক্রমণাত্মক মন্তব্যের ফলে সমঝোতার সম্ভাবনা আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।
নেতানিয়াহুর প্রতি আইজেনকোটের বিরূপ হওয়ার আরেকটি কারণ ইরান বিষয়ে আলোচনার জন্য গফম্যানের যুক্তরাষ্ট্র সফর। ব্রডকাস্টারটির তথ্য অনুযায়ী, এই সফরের কয়েক ঘণ্টা আগেই আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হয়েছিল এবং তাকে এই সফরের বিষয়ে কিছু জানানো হয়নি।
চ্যানেল ১২-এর রবিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া তথ্যের ভিত্তিতেই ২৭ অক্টোবর নির্বাচনের দিন পুলিশ ইসরায়েলি মুসলিম রাজনৈতিক দল রা’আম পার্টির এর কর্মীদের গ্রেপ্তার করেছিল।
তদন্ত অনুযায়ী, গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা তথ্যের উৎস কতটা নির্ভরযোগ্য তা যাচাই করার পরামর্শ দিলেও পুলিশ তা উপেক্ষা করে পদক্ষেপ নিয়েছিল। পরে জানা গেছে, ওই তথ্যের উৎস ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সাবেক সহকারী।
চ্যানেলটি আরও জানিয়েছে যে, বিদেশি হস্তক্ষেপের সন্দেহের কথা উল্লেখ করে শিন বেট প্রধান জিনি নির্বাচনের দিন পাঁচজন আরব আইনপ্রণেতার ফোন আড়িপাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন হয়। এতে নেতানিয়াহুর উগ্রডানপন্থি জোটের আসন সংখ্যা কমে যায়। অপরদিকে গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলোর জোট মিলে ১২০টি আসনের মধ্যে ৬৭টি আসন পেয়ে যায়।
গাদি আইজেনকোট চাইলে আরবদের সঙ্গে জোট করে এখনই সরকার গঠন করতে পারবেন। সর্বশেষ নির্বাচনের পর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আইজেনকোট সবমিলিয়ে দেড় মাস সময় পাবেন সরকার গঠনের জন্য। এরপরও যদি তিনি ব্যর্থ হন তাহলে সরকার গঠনের সুযোগ পাবেন নেতানিয়াহু।
তবে আরব দলগুলো বলছে, নেতানিয়াহু ও তার উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গিভিরকে ক্ষমতা থেকে হটাতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দেবে।
সূত্র : আনাদোলু এজেন্সি






আপনার মতামত লিখুন