বহিরাগত আগ্রাসনের কঠোর প্রতিশোধ নেওয়া হবেঃ ইরান
ট্রাম্পের হুমকিতে তেহরানের কড়া জবাব!

ছবি :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(বামে),ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি(ডানে)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি স্বাক্ষর না করলে দেশটিতে “অভূতপূর্ব” তীব্রতার বোমা হামলার হুমকি দিয়েছেন। এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেকোনও “বহিরাগত আগ্রাসনের” কঠোর প্রতিশোধ নেওয়া হবে।
সোমবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। সূত্রটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানে “বোমা হামলার” হুমকির পর প্রথম প্রতিক্রিয়ায় খামেনি সতর্ক করে বলেন, “আমরা বিশ্বাস করি না যে কোনও বহিরাগত আগ্রাসনের সম্ভাবনা রয়েছে। তবে যদি কোনও আগ্রাসন ঘটে, তবে তারা নিঃসন্দেহে কঠোর প্রতিশোধমূলক আঘাত পাবে।”

ইরানের প্রস্তুতি ও জবাব
সোমবার তেহরানে ঈদুল ফিতরের নামাজের সময় একটি জামাতে ভাষণকালে আয়াতুল্লাহ খামেনি বলেন, “আমাদের দেশ যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। যদি মার্কিন প্রশাসন ইরানের অভ্যন্তরে রাষ্ট্রদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করে, তাহলে ইরানের জনগণই তার যথাযথ জবাব দেবে।”
ট্রাম্প ইরানকে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে সামরিক হামলার পাশাপাশি সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ইরান সরাসরি আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিলেও পরোক্ষ আলোচনার জন্য কূটনৈতিক পথ খোলা রেখেছে।
ওমানের মাধ্যমে বার্তা বিনিময়
গত সপ্তাহে ওমানের মাধ্যমে ইরান ট্রাম্প প্রশাসনের পাঠানো একটি চিঠির জবাব দিয়েছে। ওই চিঠিতে সামরিক হুমকির মুখে ইরান যে সরাসরি আলোচনায় বসতে রাজি নয়, তা স্পষ্ট করা হয়েছে। গত বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও গত রোববার ইরানের এক টিভি চ্যানেলে জানিয়েছেন, “আমেরিকার সঙ্গে এই চুক্তি নিয়ে সরাসরি কথা বলবে না তেহরান। তবে পরোক্ষ আলোচনার সুযোগ রয়েছে।”
তিনি আরও জানান, “আমরা আলোচনায় বসতে সবসময়ই প্রস্তুত। কিন্তু আগের বিশ্বাসভঙ্গের কারণে আমরা সন্দিহান।” ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও পরোক্ষ আলোচনার পক্ষে বলে জানান তিনি।
গাজা ও লেবানন প্রসঙ্গে ইরানের অবস্থান
সোমবারের ভাষণে খামেনি গাজা ও লেবাননের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “এই বছরের পবিত্র রমজান মাস বিশ্বব্যাপী মুসলমানদের জন্য তিক্ত হয়ে উঠেছে, কারণ ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্মম হামলা চালিয়েছে।”
তিনি আরও দাবি করেন, “আমেরিকা এই সহিংসতায় প্রত্যক্ষভাবে জড়িত এবং ইসরায়েল পশ্চিমা শক্তিধর দেশগুলোর একটি ‘প্রক্সি শক্তি’ হিসেবে কাজ করছে।” ইসরায়েলকে “অপরাধী গোষ্ঠী” আখ্যা দিয়ে তিনি বলেন, “ফিলিস্তিন থেকে তাদের নির্মূল করতে হবে।”
বিশ্ব প্রতিক্রিয়া ও সম্ভাব্য পরিণতি
বিশ্ব রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, এই সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দ্বন্দ্ব আরও বৃদ্ধি পেলে তেলবাজারে এর প্রভাব পড়বে, যা বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক ও সামরিক চাপানউতোর সামনের দিনগুলোতে আরও তীব্র হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই দ্বন্দ্ব কি শুধুই কূটনৈতিক লড়াই থাকবে, নাকি তা রূপ নেবে সরাসরি সামরিক সংঘাতে—এই উত্তরের জন্য বিশ্বকে অপেক্ষা করতে হবে।
স্বদেশ/ আজাদ






আপনার মতামত লিখুন