ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা
ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল, এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। শুক্রবার (১৩ জুন) ভোররাত ৩টার দিকে রাজধানী তেহরানসহ উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা নূর নিউজের বরাতে জানা যায়, বিস্ফোরণের পর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদর দপ্তরে হামলা হয়েছে এবং সেখানে আগুন ও ধোঁয়া দেখা গেছে।
টাইমস অফ ইসরাইল ও অ্যাক্সিওসের খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী ‘নেশন অফ লায়ন্স’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানে। অভিযানে দুই ডজনেরও বেশি জেট বিমান অংশ নেয়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ এক বিবৃতিতে বলেন, “এটি একটি আগাম প্রতিরোধমূলক হামলা। ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা ধ্বংস করাই এর লক্ষ্য।”
তবে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ও প্রেস টিভির অভিযোগ, ইসরায়েল আবাসিক ভবনেও হামলা চালিয়েছে, যা ইসরায়েল অস্বীকার করেছে। আলজাজিরা জানায়, হামলার পর ইসরায়েলও সর্বোচ্চ সতর্কতা জারি করে; বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের কার্যক্রম।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “আমাদের মিশন শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।” একইসঙ্গে তিনি জানান, আগাম হুমকি মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র এ হামলায় কোনোভাবে জড়িত নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, “আমাদের অগ্রাধিকার হলো মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা।”






আপনার মতামত লিখুন