খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ

দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে
জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ

ছবি-সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিল পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়েছে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্পর্শকাতরতা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে নির্দিষ্ট সময়সূচি আগাম জানানো কঠিন বলে জানিয়েছেন তারা। যেকোনো সময় এ সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আগামীকাল কয়েক ঘণ্টার জন্য প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হতে পারে। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এরপর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চূড়ান্ত অনুমোদনের পর স্থায়ীভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার গ্রিডে যুক্ত করার প্রাথমিক প্রস্তুতি নেওয়া হলেও কম্পনজনিত কারণে তা পিছিয়ে যায়। পরে কম্পনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে নেমে আসায় এখন পরীক্ষামূলক সংযোগের জন্য প্রস্তুত প্রথম ইউনিট।

জানতে চাইলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, গ্রিডে যুক্ত করার আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার পরই এ অনুমোদন দেওয়া হবে।

পরমাণু শক্তি কমিশনের দুজন কর্মকর্তা জানান, ইতোমধ্যে রিঅ্যাক্টর, টারবাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাইসহ প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে চূড়ান্তভাবে যুক্ত করার লক্ষ্য রয়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে। তবে চূড়ান্ত সংযোগের আগে সম্ভাব্য ত্রুটি শনাক্ত ও সমাধানের জন্য সাময়িকভাবে পরীক্ষামূলক সংযোগ দেওয়া হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় পিডিবির একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল মোনায়েম চৌধুরী জানান, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে প্রতিটি ধাপে পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হয়। তাই নির্দিষ্ট সময় বলা কঠিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষ্যে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে সরকারের। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে পরীক্ষামূলক সংযোগের পর আনুষ্ঠানিক উদ্বোধনের সময়সূচি আলাদা হতে পারে।

ধাপে ধাপে বাড়বে বিদ্যুৎ উৎপাদন

প্রাথমিক পর্যায়ে রূপপুরের প্রথম ইউনিটের উৎপাদন সীমিত রাখা হবে। পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময় জাতীয় গ্রিডের স্থিতিশীলতা, ফ্রিকোয়েন্সি এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা পর্যবেক্ষণ করা হবে। সবকিছু স্বাভাবিক থাকলে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। বর্তমানে দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও প্রয়োজনীয় প্রস্তুতির কাজও চলমান রয়েছে।

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের পর গত ১১ অক্টোবর নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। এর আগে নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়ায় বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া পিছিয়ে যায়। পরবর্তী সময়ে রাশিয়ার বিশেষজ্ঞদের সহযোগিতায় ত্রুটি সমাধান করে প্রয়োজনীয় পরীক্ষায় সফলতা আসে। এরপর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পারমাণবিক বিক্রিয়া শুরু করা হয়।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বাংলাদেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন উৎস যুক্ত হওয়ার পাশাপাশি পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও নতুন অধ্যায়ের সূচনা হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি