ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন অর্থ বিভাগ এ পদক্ষেপের কথা জানায়। অভিযোগ রয়েছে, ইরানের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহে সহায়তার সঙ্গে যুক্ত থাকার কারণে মোট ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর জন্য ইরানকে জবাবদিহির আওতায় আনা জরুরি।
তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “অর্থনৈতিক চাপ” কৌশলের অংশ হিসেবে ইরানের অর্থনৈতিক নেটওয়ার্ক ও তাদের সহযোগীদের তহবিলের উৎস বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ইরান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রয়েছে। এর মধ্যে দুবাইভিত্তিক কোম্পানি চাবোক এফজেডসিও-এর নামও রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই প্রতিষ্ঠানটি ইরানের মাহান এয়ার-এর জন্য ড্রোন ও বিমান যন্ত্রাংশ সংগ্রহে সহায়তা করত।
এছাড়া ইরানি মুদ্রা ব্যবসায়ী কামাল সাবাহ বালখানলুসহ আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধেও অস্ত্র সংগ্রহে সম্পৃক্ততার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মার্কিন অর্থ বিভাগ জানায়, এই নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্টদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের সব ধরনের ব্যবসা নিষিদ্ধ থাকবে।
এদিকে ওয়াশিংটনের দাবি, তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও তেহরান তাদের সামরিক উৎপাদন পুনর্গঠনের কাজ অব্যাহত রেখেছে।
বিশ্লেষকদের মতে, এটি ট্রাম্প প্রশাসনের “সর্বোচ্চ চাপ” নীতির অংশ, যার মাধ্যমে ইরানকে নতুন কোনো চুক্তিতে আনতে অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা হচ্ছে। তবে ইরান পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, পাল্টা প্রতিক্রিয়া, এবং হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় এক পর্যায়ে যুদ্ধবিরতি হলেও পরবর্তীতে পরিস্থিতি আবারও জটিল হয়ে ওঠে।






আপনার মতামত লিখুন