ইরানকে নিয়ে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে আবারও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে সামরিকভাবে বড় ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে এবং ইরানের বিরুদ্ধে “চূড়ান্ত ব্যবস্থা” নেওয়া হতে পারে।
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পরই তিনি এ মন্তব্য করেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে খুব অল্প সময়েই ইরানের সামরিক ও জ্বালানি অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। তার ভাষায়, ইরানের তেল, বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা সম্ভব।
এদিকে হরমুজ প্রণালি নিয়েও কঠোর বার্তা দেন তিনি। ট্রাম্প দাবি করেন, ইরানের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে এমন নির্দেশ দেওয়া হয়েছে যাতে ইরানকে অর্থ প্রদান করে চলাচল করা জাহাজগুলোকে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। একই সঙ্গে হরমুজ প্রণালিতে স্থাপিত মাইন অপসারণ এবং নিরাপদ নৌপথ নিশ্চিত করার কথাও বলেন তিনি।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ ইরানকে অর্থ দিয়ে সুবিধা নিলে তা নিরাপদ থাকবে না এবং যুক্তরাষ্ট্রের ওপর বা মিত্রদের ওপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।






আপনার মতামত লিখুন