২য় দিনের মত কর্মবিরতি চলছে এমপিওভুক্ত শিক্ষকদের
আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি
বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাসহ একাধিক দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সারাদেশে কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। তারা জানান, সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয়, তাহলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
শিক্ষক নেতারা বলেন, “আমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য ও যৌক্তিক। আমরা চাই, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা ঘোষণা করা হোক। এর আগে পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে যাবেন না।”
এর আগে গত রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সোমবার সকাল থেকেই সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসাগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকলেও ক্লাস না নিয়ে অফিস কক্ষ বা মাঠে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শিক্ষক সমাজের দাবি, “সরকার যদি আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়, তাহলে আন্দোলন প্রত্যাহার করা হবে; অন্যথায় আমরা দীর্ঘমেয়াদি কর্মসূচিতে যাব।”






আপনার মতামত লিখুন