২০% বাড়িভাড়া ভাতা ও তিন দফা দাবিতে শিক্ষকদের কালো ব্যাজ মিছিল আজ
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ও তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। এই দাবিতে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) তারা মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা আমরণ অনশন ও বিক্ষোভ সমাবেশ করেন। সন্ধ্যায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন,“মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল হবে। যারা ঢাকায় আসতে পারবেন না, তারা নিজ নিজ জেলা ও উপজেলা সদরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন।”
তিনি আরও বলেন, “অনশনে অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। যদি কোনো প্রাণহানি ঘটে, তার দায়ভার শিক্ষা উপদেষ্টা আবরার হোসেনের ওপরই বর্তাবে।”
অধ্যক্ষ আজিজী আরও বলেন,“আপনারা যদি আবরারের কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হন, তবে সারা দেশ থেকে লং মার্চ করে শিক্ষা মন্ত্রণালয়ে তালা দেওয়া হবে। আমরা আবরারের কোনো সিদ্ধান্ত মানি না। দাবি না মানলে তাকে উপদেষ্টা পদ ছাড়তে হবে।”
এর আগে বিক্ষোভে সংহতি জানাতে শহীদ মিনারে উপস্থিত হন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন,“সরকারের ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা যথেষ্ট নয়। বিষয়টি সরকারকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত।”
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং শিক্ষার্থীরাও শিক্ষকদের আন্দোলনে অংশ নেন।
গত ১২ অক্টোবর থেকে আন্দোলনরত শিক্ষকরা জাতীয় প্রেসক্লাব, শহীদ মিনার ও শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।






আপনার মতামত লিখুন