পে-স্কেল প্রজ্ঞাপন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
৯ম জাতীয় বেতন কাঠামোর (পে-স্কেল) প্রজ্ঞাপন জারি এবং জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। সংগঠনটি আগামী ২৯ জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ৩০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠনের পর থেকে দফায় দফায় দ্রব্যমূল্য বেড়েছে। এমন পরিস্থিতিতে ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে সরকারি কর্মচারীদের পক্ষে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়বে। প্রজ্ঞাপন জারি না হলে কমিশন গঠন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়।
এদিকে, দাবি আদায় ঐক্য পরিষদ ২৮ ও ২৯ জানুয়ারি সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে বিক্ষোভ এবং ৩০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এসব কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে নিজেদের কর্মসূচি চূড়ান্ত করেছে।
জোটের নেতাদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ পালনের পাশাপাশি ৩০ জানুয়ারির সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া ৪ ফেব্রুয়ারির মধ্যে ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে ৫ ফেব্রুয়ারি সারাদেশের সব জেলায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন