বিএনপির বিবৃতির একটি অংশে আপত্তি অধ্যক্ষ আজীজির
দেশব্যাপী এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি ‘নীতিগতভাবে সমর্থন’ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে দলের দেওয়া ওই বিবৃতির একটি অংশ নিয়ে আপত্তি তুলেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। সংগঠনটি সেই অংশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের আন্দোলন নিয়ে বক্তব্য দিয়েছেন— এজন্য আমরা কৃতজ্ঞ। দলের প্রকাশিত বিবৃতির প্রথম অংশ প্রশংসনীয়, তবে শেষাংশে এমন একটি মন্তব্য রয়েছে, যা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।”
বিবৃতির আপত্তিকর অংশ উল্লেখ করে তিনি বলেন, “ওখানে বলা হয়েছে— ‘শিক্ষকদের আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপি কোনো নমনীয়তা দেখাবে না’। এই বক্তব্য বাস্তবতার সঙ্গে অসঙ্গত। কারণ এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়; এটি সাধারণ শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের সংগ্রাম। বিভিন্ন মতাদর্শের শিক্ষকরা এখানে যুক্ত আছেন, তাই একে রাজনৈতিক রঙ দেওয়া ঠিক নয়।”
অধ্যক্ষ আজীজি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের হাতে পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ ছিল, কিন্তু আমরা সেটি করিনি। আমরা কেবল অনশন, অবস্থান ও প্রতীকী কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবি তুলে ধরছি।”
উল্লেখ্য, গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা মাত্র ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষকরা সেটি প্রত্যাখ্যান করেন। পরে তারা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে পুলিশের লাঠিচার্জের পর আন্দোলন আরও তীব্র হয়।
এরপর থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ১৫ অক্টোবর শাহবাগ মোড়ে আড়াই ঘণ্টা অবরোধের পর ১৭ অক্টোবর থেকে তারা অনশন শুরু করেন। শনিবার (১৮ অক্টোবর) তারা কালো পতাকা মিছিলের মাধ্যমে কর্মসূচি পালন করেন।






আপনার মতামত লিখুন