নামাজের নামে খেলার মাঠে পবিপ্রবির বাস:শিক্ষার্থীদের ক্ষোভ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর পরিবহন ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও বহিরাগতদের ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাসে থাকা কয়েকজন যাত্রী ফেসবুক লাইভে বিষয়টি প্রচার করলে তা দ্রুত শিক্ষার্থীদের নজরে আসে।
শিক্ষার্থীরা জানান, তারা প্রায়ই পর্যাপ্ত বাস সুবিধা না পেয়ে ভোগান্তিতে পড়েন। অথচ বিশ্ববিদ্যালয়ের বাস বহিরাগতদের জন্য অবাধে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি “নামাজে যাওয়ার” অজুহাতে বিশ্ববিদ্যালয়ের একটি বাস রিকুইজিশন নিয়ে মির্জাগঞ্জে পাঠানো হয়। পরে দেখা যায়, বাসটি আসলে স্থানীয় এক খেলাধুলার আসরে বহিরাগত যাত্রী পরিবহন করেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তারা বলেন, “শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাস বহিরাগতরা ব্যবহার করছে, অথচ আমরা নিয়মিত সংকটে পড়ি। এটা অন্যায়।”
এ বিষয়ে বাসটি রিকুইজিশন করা সেকশন অফিসার কে. এম. শাহাদাৎ হোসেন বলেন, “আমরা নামাজের জন্য মির্জাগঞ্জে গিয়েছিলাম। খেলার জন্য যাওয়া কয়েকজন হয়তো আগে থেকেই বাসে ছিল, আমার খেয়াল নেই।” তবে ফেসবুক ভিডিওতে স্পষ্টভাবে খেলার উদ্দেশ্যে যাত্রার প্রমাণ মেলে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন জানান, “বাসটি মূলত নামাজে যাওয়ার জন্য রিকুইজিশন দেওয়া হয়েছিল। তবে খেলার আয়োজনে ব্যবহার করা ভুল হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”






আপনার মতামত লিখুন