পবিপ্রবিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ
নেপথ্যে ডেপুটি রেজিস্ট্রার জুয়েল
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৩ এ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এই ঘটনার মূল নেপথ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান জুয়েল, এমন অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ২০২৩ সালের ৮ ডিসেম্বর বরিশাল বিভাগের পরীক্ষাকেন্দ্র হিসেবে পবিপ্রবি ক্যাম্পাসে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা এই পরীক্ষায় প্রায় সাড়ে তিন হাজার প্রার্থী অংশ নেন।
তবে অনুসন্ধানে উঠে এসেছে, দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান জুয়েল পরীক্ষার শুরুতে তার কক্ষ থেকে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠান। পরে বিশ্ববিদ্যালয়ের আরেক কর্মকর্তা মাধব চন্দ্র শীলসহ কয়েকজন মিলে নিকটস্থ একটি স্কুলে বসে প্রশ্নের উত্তর তৈরি করে তা আবার কেন্দ্রে পাঠান।
সংশ্লিষ্ট নথি অনুযায়ী, সেদিন জুয়েলের দায়িত্ব ছিল প্রশাসনিক কেন্দ্র–২ এ। কিন্তু তিনি নিজ ইচ্ছায় কেন্দ্র পরিবর্তন করে একাডেমিক ভবনে যান। তার স্থলে অন্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে, মাধব চন্দ্র শীল পরীক্ষার দিন তার নির্ধারিত ডিউটিতে উপস্থিত ছিলেন না—এমন প্রমাণও পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির হাতে আসা কয়েকটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটেও প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে। দেখা যায়, সকাল ১০টা ১ মিনিটে জুয়েলের ফোন থেকে ‘সুরমা সেট (কোড ৩৬৭১)’ এর প্রশ্নপত্র পাঠানো হয় এবং কিছুক্ষণের মধ্যেই সমাধান ফেরত আসে।
এর আগেও সাইদুর রহমান জুয়েলের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল। অভিযোগ রয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক ড. সন্তোষের সঙ্গে মিলে অবৈধ নিয়োগ বাণিজ্যে জড়িত ছিলেন এবং নিজ ভাইকেও সেকশন অফিসার পদে নিয়োগ দেন।
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে সাইদুর রহমান জুয়েল দাবি করেন, “অভিযোগগুলো অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি প্রশ্ন ফাঁসের সঙ্গে কোনোভাবেই জড়িত নই। এটি রাজনৈতিক উসকানি হতে পারে।”
অপর অভিযুক্ত মাধব চন্দ্র শীল বলেন, “আমি ওই দিন অসুস্থ ছিলাম এবং ডিউটিতে যাইনি। অভিযোগগুলো ভিত্তিহীন।”
পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু বলেন, “ঘটনার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপরও বর্তায়। তৎকালীন প্রশাসন বিষয়টি তদারক করেছিল।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, “আমরা এখনো বিষয়টি জানি না। প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদী আমলে সংঘটিত দুর্নীতি ও অনিয়মের বিচার করতে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনাটিও সেই কমিশন তদন্ত করবে।”






আপনার মতামত লিখুন