পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে টাইলস আত্মসাতের অভিযোগ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. ইউনুছ শরীফের বিরুদ্ধে আবারও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এবার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সামনে রাখা মূল্যবান টাইলস ছুটির সুযোগে সরিয়ে নেওয়ার।
ক্যাম্পাস-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) শারদীয় দুর্গাপূজার অবকাশকালীন সময়ে বিশ্ববিদ্যালয় ফাঁকা থাকাকালীন দুপুর আড়াইটার দিকে ইঞ্জিনিয়ার ইউনুছ শরীফ ৫২০টি বিভিন্ন স্যাম্পলের টাইলস সরিয়ে নেন, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। বিষয়টি দপ্তরের সিসি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিডিও ও স্থিরচিত্র প্রতিবেদকের হাতে এসেছে।
অতীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে বিশ্ববিদ্যালয়ের নয়টি প্রকল্পের দরপত্রে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় ৫৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইউনুছ শরীফকে সাময়িক বহিষ্কার ও কারাগারে পাঠানো হয়েছিল। অভিযোগ প্রমাণিত হলে তিনি অর্থ সরকারি কোষাগারে ফেরত দেন।
অভিযোগ রয়েছে, বারবার বিতর্কিত কর্মকাণ্ডের পরও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি পদে বহাল আছেন। এমনকি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে চলমান ৪৫১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক হওয়ার জন্য তিনি প্রশাসনের ওপর চাপ প্রয়োগ ও হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক মো. ওবায়দুল হক বলেন, “দীর্ঘদিন ধরে ইউনুছ শরীফ আমাকে পদ থেকে সরে যেতে হুমকি দিয়ে আসছে। স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমেও ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি বারবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান জানান, “উপাচার্যের অজ্ঞাতসারে টাইলস নেওয়া হয়েছিল। উপাচার্য টাইলস উদ্ধারের নির্দেশ দিলে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু টাইলসের সংখ্যা ও গন্তব্য সম্পর্কে তাদের বক্তব্যে গরমিল পাওয়া গেছে। এখনো পর্যন্ত টাইলস ফেরত দেওয়া হয়নি।”
অভিযুক্ত ইঞ্জিনিয়ার ইউনুছ শরীফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।






আপনার মতামত লিখুন