ইউএনজিএর ৮০তম অধিবেশন শুরু: রাতে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে রাত ১টার মধ্যে তার বক্তব্য প্রচারিত হবে। বিটিভি, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করবে।
সূচি অনুযায়ী নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) অধিবেশন শুরু হবে এবং প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।
তার ভাষণে অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ ইস্যুসমূহ তুলে ধরা হবে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “ড. ইউনূস বিশ্ব সম্প্রদায়ের সামনে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার স্পষ্ট করবেন।”






আপনার মতামত লিখুন