জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন প্রত্যাশা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন কামনা করেছে ঢাকা। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন । এ সময় তিনি প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং দক্ষ জনশক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ক্রমেই বাড়ছে।
এ সময় রাষ্ট্রদূতও দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে রাশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সঙ্গে রাশিয়ার চলমান সম্পৃক্ততার প্রশংসা করেন।
আলোচনায় ২০২৬–২০২৭ মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন প্রত্যাশার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।






আপনার মতামত লিখুন