জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে। এতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অধীনে থাকা শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ পুনরায় চালুর সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন তাকে এ বিষয়ে অবহিত করেন।
এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের নৌকার নকশা ও বৈচিত্র্য সারা বিশ্বে সমাদৃত। কিন্তু দুঃখজনকভাবে আমাদের তরুণ প্রজন্ম এসব ঐতিহ্য সম্পর্কে খুব একটা জানে না। তাই পুরোনো নৌযানগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। প্যাডেল স্টিমারসহ ঐতিহ্যবাহী নৌযানগুলোকে সংস্কার ও প্রদর্শনের উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও জানান, এসব ঐতিহ্য শুধু পরিবহনের ইতিহাস নয়, বাংলাদেশের সংস্কৃতি ও সৃষ্টিশীলতারও প্রতীক।






আপনার মতামত লিখুন