জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া স্বাক্ষর নয়: নাহিদ ইসলাম
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা না পেলে এতে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেছেন, বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে প্রশাসনে নিজেদের প্রভাব বিস্তার করছে, এমনকি উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও তাদের সহায়তা করা হচ্ছে।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “কিছু বড় দল নিজেদের মধ্যে এসপি-ডিসি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন পদ ভাগ-বাটোয়ারা করছে। নির্বাচন সামনে রেখে তারা যেসব কর্মকর্তার নাম তালিকাভুক্ত করছে, সেই তালিকা উপদেষ্টা পরিষদের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও নিরপেক্ষ আচরণ করছে না। কারও প্রতি পক্ষপাতমূলক, আবার কারও প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। এজন্য ইসি পুনর্গঠন এখন সময়ের দাবি।”
এনসিপি নেতা জানান, আলোচনায় তারা ইসি-র স্বচ্ছতা, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পর্কিত রোডম্যাপ চেয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা জানতে চেয়েছি জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর অগ্রগতি কী, এবং তা কতদিনে সম্পন্ন হবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে হলে প্রধান উপদেষ্টা একটি সাংবিধানিক আদেশ জারি করবেন—এটাই আমাদের দাবি।”
তিনি স্পষ্ট করে বলেন, “এই আদেশ প্রধান উপদেষ্টাকেই দিতে হবে, প্রেসিডেন্টের মাধ্যমে নয়।”
এনসিপি-র আহ্বায়ক আরও জানান, দলীয় প্রতীক ‘শাপলা’ ছাড়া তারা কোনো প্রতীকে নির্বাচনে অংশ নেবে না।
বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে ছিলেন সারজিস আলম, সামান্তা শারমিন এবং খালিদ সাইফুল্লাহ।






আপনার মতামত লিখুন