হরমুজ প্রণালির কাছে জার্মান কার্গো জাহাজে হামলা, অল্পের জন্য রক্ষা পেল ক্রুরা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় হামলার শিকার হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ জার্মান শিপিং কোম্পানি হাপাগ-লয়েড এর একটি কার্গো জাহাজ।
কোম্পানিটি জানিয়েছে, তাদের ‘সোর্স ব্লেসিং’ নামের জাহাজটি ওই জলপথ অতিক্রম করার সময় একটি প্রজেক্টাইল—সম্ভবত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সরাসরি আঘাত না লাগলেও প্রজেক্টাইলের টুকরো জাহাজে আছড়ে পড়ার পর সেখানে আগুন ধরে যায়। খবর প্রকাশ করেছে রয়টার্স।
হাপাগ-লয়েড জানিয়েছে, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় জাহাজে থাকা সব ক্রু সদস্য নিরাপদ রয়েছেন এবং বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের বড় একটি অংশ পরিচালনা করে হাপাগ-লয়েড এবং আন্তর্জাতিক রুটে তাদের শত শত জাহাজ চলাচল করে।
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতা এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ধারাবাহিক হামলার কারণে বৈশ্বিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়েছে।
গাজা সংকটের পর থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও আঞ্চলিক শক্তির পাল্টাপাল্টি হামলার ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথগুলো ধীরে ধীরে সংঘাতপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে বলে বিশ্লেষকদের আশঙ্কা।






আপনার মতামত লিখুন