ইরানের দাবি আমাকে মৃত ঘোষণা করেছে কিন্তু আমি তো জীবিত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান ঘিরে নতুন এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ইরান এক ইসরায়েলি সেনাকে নিহত বলে দাবি করলেও ওই সেনা নিজেই জানিয়েছেন, তিনি সম্পূর্ণ জীবিত আছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সেনা কয়েক দিন আগে ঘুম থেকে উঠে জানতে পারেন যে ইরানের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী তিনি নাকি মারা গেছেন।
সেনাটি জানান, তার এক বন্ধু তাকে “ইরানিয়ান মিলিটারি” নামের একটি ফেসবুক গ্রুপের স্ক্রিনশট পাঠান। সেখানে তার একটি স্পষ্ট ছবি এবং আরও সাতজন ‘ইরানিয়ান মিলিটারি’ (আইডিএফ) রিজার্ভ সেনার ছবি ছিল। পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, আটজন আইডিএফ সেনা নিহত হয়েছেন—যাদের মধ্যে তিনিও রয়েছেন।
তিনি বলেন, প্রথমে বিষয়টি শুনে তার হাসি পেয়েছিল এবং তিনি এটিকে সাধারণ ইন্টারনেট গুজব ভেবেছিলেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই একের পর এক বার্তা আসতে শুরু করলে বিষয়টি আর হালকাভাবে নেওয়া সম্ভব হয়নি। তখন তিনি দ্রুত তার স্ত্রী ও বাবা-মাকে ফোন করে জানান যে তিনি জীবিত আছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরেই ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি ভুয়া খবর ছড়িয়ে প্রতিপক্ষের মধ্যে বিভ্রান্তি ও ভয় তৈরি করাও তাদের কৌশলের অংশ বলে দাবি করা হয়।
ওই সেনা জানান, কৌতূহলবশত তিনি ইরানের সামরিক বাহিনীর একটি অফিসিয়াল ফেসবুক পেজও দেখেন। সেখানে নিম্নমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কিছু ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মৃত দেখানো হয়েছে।
তিনি বলেন, “অদ্ভুত লাগলেও বাস্তবতা হলো অনেক মানুষ এই ধরনের প্রচারণাকে সত্যি বলে মনে করেন। কিন্তু আমি তাদের বলেছি—ইরানের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী আমি মারা গেলেও, বাস্তবে আমি জীবিত।”






আপনার মতামত লিখুন