ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ সংসদীয় আসনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারপারসনের পক্ষে বিএনপির একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাফর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মনির আহাম্মদ সম্রাটসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আবু তালেব বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত, আর ফেনী-১ আসনের ভোটাররা তার নেতৃত্বে আবারও কাজ করতে আগ্রহী।
এদিকে জানা গেছে, গত ২৩ নভেম্বর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, ফেনী-১ আসন থেকে এর আগে পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।






আপনার মতামত লিখুন