দলীয় স্বার্থে নয়, নিরপেক্ষতার সঙ্গে কাজ করবঃ প্রধান নির্বাচন কমিশনার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বাক্স লুট ও কেন্দ্র দখল হতে দেবেন না বলে হুঁশিয়ার করেছেন। সবাই সুন্দর নির্বাচন চায়, তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব কেন– প্রশ্ন রাখেন তিনি।
রোববার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলে তিনি।
সিইসি বলেন, কোনো দলীয় স্বার্থে নয়, নিরপেক্ষতার সঙ্গে কাজ করবেন– এটা কর্মকর্তাদের বলেছি আজ। জাতির উদ্দেশে বলতে চাই, কেউ যদি মনে করেন ব্যালট বাক্স লুট করে নিয়ে যাবেন, কেন্দ্র দখল করে জিতে যাব, তারা দিবাস্বপ্নে আছে। এটা এবার হতে দেব না ইনশাআল্লাহ। সবাই সুন্দর নির্বাচন চায় বলছে। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব কেন। কিছু লোক আছে যারা মতলববাজ, নির্বাচন এলে পথ থেকে ভোটারদের সরিয়ে দেবে, ভোট বাক্স লুট করে নিয়ে যাবে, সেই সুযোগ এবার পাবে না। এটার আমি নিশ্চয়তা দিচ্ছি।
নির্বাচন কবে এটা কি সরকার থেকে নিশ্চিত করতে হবে– এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা আমার কাছে পরিষ্কার নয়। আরপিওর ১১ ধারায় পরিষ্কার বলা আছে, নির্বাচন কমিশন গেজেটের মাধ্যমে তারিখ ঘোষণা করবে। ছয় মাস আগে অমুক তারিখে নির্বাচন হবে এটা বলার বিধান তো এখানে নেই।
নাসির উদ্দিন বলেন, আমাদের বুঝতে হবে পরিস্থিতিটা বিশেষ পরিস্থিতি। না হলে প্রধান উপদেষ্টা কি এতদিন ধরে দলগুলোর সঙ্গে এমনিই আলোচনা করছে। সবাইকে নিয়ে উনি নির্বাচন করতে চান, যাতে সুন্দর নির্বাচন হয়।
রোডম্যাপ কবে দেবেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনে যা আলোচনা হয়েছে এর বাইরে আমার কোনো নলেজ নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন আমি মিডিয়ায় দেখেছি। সরকারের সঙ্গে আমাদের এখনো আলোচনা হয়নি। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে ভাবছি, যখনই হয় যেন ভোট করতে পারি। সরকারের সঙ্গে আলোচনা হলে ভাব বুঝতে পারব কখন ডেট দিতে হবে।
সিইসি বলেন, আমরা কোনো টার্গেট ফিক্সড করিনি। যখন সরকারের সঙ্গে আলোচনা হবে তখন তারিখ নিয়ে আলাপ হবে। সরকারের পরিবর্তিত কোনো চিন্তাভাবনা আছে কি না, এটা জানতে হবে। রমজানের আগেও নির্বাচন হতে পারে। সরকারের সঙ্গে আলোচনা হলেই আমরা বুঝতে পারব। সরকারের থেকে ধারণা পেলে আমরা প্রস্তুত আছি। আমরা ডিসেম্বর থেকে জুন, প্রথম যখন সরকারের তরফ থেকে বলা হয়েছিল, সেটা ধরেই প্রস্তুতি নিয়েছি।






আপনার মতামত লিখুন