ওসমান হাদির জানাজায় অংশ নিতে জনসমুদ্র: দক্ষিণ প্লাজায় প্রবেশে দীর্ঘ অপেক্ষা
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে মানুষের ঢল নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সংসদ ভবন এলাকায় জড়ো হতে থাকেন।
দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট স্থাপন করা হয়। এসব গেট দিয়ে হাজারো মানুষ সুশৃঙ্খলভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।
দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে।
লাইনে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি এসএম নজরুল ইসলাম বলেন, “হাদির মতো মানুষ হাজার বছরে একবার জন্ম নেয়। এমন একজন মানুষের জানাজায় অংশ নিতে কয়েক ঘণ্টা অপেক্ষা করাও সৌভাগ্যের। সারাদিন দাঁড়িয়ে থাকতে হলেও আমরা প্রস্তুত। আশা ছিল তিনি সুস্থ হয়ে ফিরলে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেব, কিন্তু সে সুযোগ আর হলো না—এটাই কষ্টের।”
শহীদ হাদির জানাজাকে ঘিরে পুরো সংসদ ভবন এলাকা আবেগঘন পরিবেশে পরিণত হয়।






আপনার মতামত লিখুন