দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, দুর্নীতি, সন্ত্রাস কিংবা ফ্যাসিজমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে যে কারও প্রার্থিতা বাতিল করা হবে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ব্রিফিংয়ের আগে সদস্য সচিব আখতার হোসেন ১২৫ জন সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করেন।
নাহিদ ইসলাম বলেন, কোনো আসন বিশেষ কারো জন্য খালি রাখা হয়নি। মনোনয়ন বোর্ড থেকে পাওয়া প্রতিবেদন পর্যালোচনা করেই তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই তালিকা জনগণের জন্য উন্মুক্ত—যাতে কেউ আপত্তি জানালে বা কোনো অভিযোগ উঠলে তা বিবেচনায় নেওয়া যায়। তিনি পরিষ্কারভাবে বলেন, “যদি কারও বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিস্ট কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়, তার মনোনয়ন বাতিল হবে। এই প্রক্রিয়া চলমান থাকবে।”
তিনি আরও বলেন, প্রাথমিক তালিকায় যারা স্থান পেয়েছেন তাদের অভিনন্দন। আর যারা এবার বিবেচনায় আসেননি, তাদের ব্যাপারেও দল ভবিষ্যতে ভাববে।
এনসিপির আহ্বায়ক জানান, তারা শুধু দলের ভিতরের নয়—বিভিন্ন পেশার যোগ্য ও পরিবর্তনকামী ব্যক্তিদেরও মনোনয়ন দিতে চান। শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাথমিক মনোনয়নে।
তিনি আরও যোগ করেন, মনোনয়ন তালিকা হবে সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক, যেখানে নারী-পুরুষ, সংখ্যালঘু ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয় নিশ্চিত করা হবে। ৩০০ আসনের চূড়ান্ত তালিকাতেও একই রেশিও বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়া যেসব আসনে এখনো মনোনয়ন দেওয়া হয়নি, কিংবা বর্তমান প্রার্থী ছাড়াও আরও যোগ্য কাউকে পাওয়া গেলে, সেক্ষেত্রে পরিবর্তনের সুযোগ থাকবে বলেও জানান নাহিদ ইসলাম।






আপনার মতামত লিখুন