এনসিপির শেষ ভরসা ‘জোট’
জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ১১ দলীয় জোটের সঙ্গে ভোট করার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বর্তমানে এককভাবে প্রার্থী ঘোষণা করে মাঠ গোছালেও, শেষ পর্যন্ত তাদের মূল ভরসা জোটেই। বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে জোটের বিকল্প দেখছে না গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা নতুন এই দলটি।
মাঠপর্যায়ে সংগঠন তুলনামূলক দুর্বল থাকা এবং এককভাবে নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হওয়ায়, এনসিপি এখন জোটগতভাবে অংশ নেওয়াকেই সবচেয়ে কার্যকর পথ হিসেবে দেখছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন ১১ দলীয় জোট একসঙ্গে করলে, তা নির্বাচনের তফসিল দেওয়ার আগে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হতে পারে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তখন সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, তার আগ পর্যন্ত এনসিপির প্রার্থীরা এককভাবেই প্রচার-প্রচারণা চালিয়ে যাবেন। তফসিল ঘোষণার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’
তিনি উদাহরণ দিয়ে আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতসহ অন্যান্য দলও ৩০০ আসনে প্রার্থী দিয়েছিল। পরে জোটের স্বার্থে অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এখন আমাদের একক প্রার্থী ঘোষণার বিষয়টিও ঠিক সেরকমই ধরতে পারেন।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ৫টি সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে, মাঠপর্যায়ে সাংগঠনিক দুর্বলতা এবং এককভাবে নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জ বিবেচনা করে, দলটির মূল লক্ষ্য শেষ পর্যন্ত ১১ দলীয় জোট বা সমমনাদের সঙ্গে সমঝোতা করা। বর্তমানে এককভাবে প্রচার-প্রচারণা চালালেও, নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মূলত তফসিল ঘোষণার আগমুহূর্তে
দলটির একাধিক নেতা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। এখানে প্রভাবশালী প্রার্থী, স্থানীয় শক্তি, অর্থনৈতিক সক্ষমতা এবং এলাকার ভোটব্যাংক বড় ভূমিকা রাখে। এসব জায়গায় এনসিপি এখনও পুরোপুরি প্রস্তুত নয়। ফলে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা বা সিটি কর্পোরেশনভিত্তিক জোটের সম্ভাবনা খতিয়ে দেখছে তারা।
এনসিপির কেন্দ্রীয় এক নেতা বলেন, ‘আমরা মাঠে কাজ করছি, কিন্তু স্থানীয় নির্বাচন হলো শক্তির পরীক্ষা। একা লড়াই করলে অনেক জায়গায় আমাদের প্রার্থী দাঁড়ানোর মতো অবস্থাও থাকবে না। তাই জোটই এখন সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত।’






আপনার মতামত লিখুন