আগামীর বাংলাদেশ হবে তরুণ-নারীদের: ডা. তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে তরুণ, নারী ও সাধারণ মানুষের। তিনি বলেন, “এ দেশ আমাদের মা, খালা, বোন, তরুণ ও সবার। সেই বাংলাদেশকে সবার জন্য সমানভাবে নিরাপদ ও অংশীদারিত্বপূর্ণ করার লড়াই আমরা চালিয়ে যাচ্ছি।”
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার সংস্কার ও জাতীয় দাবি নিয়ে অনুষ্ঠিত হয়।
ডা. তাসনিম জারা অভিযোগ করেন, শেখ হাসিনার সময় দেশে গুম, খুন ও নির্যাতনের সীমাহীন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। তার ১৫ বছরের শাসনামলের প্রতিটি নির্বাচনই ছিল অবৈধ। তবে তরুণদের নেতৃত্বে জনগণ আন্দোলন করে তাকে বিদায় দিতে সক্ষম হয়েছে। কিন্তু আজ সেই তরুণদের নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে, তারা নাকি দেশ চালানোর উপযুক্ত নয়। তিনি জবাব দিয়ে বলেন, “এই তরুণরাই দেশের প্রতি সবচেয়ে বেশি মায়া রাখে, সাহস রাখে। তাই তাদের মতামত ও নেতৃত্ব উপেক্ষা করার সুযোগ আর নেই।”
তিনি আরও বলেন, চব্বিশের অভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। অথচ আজ সেই নারীরা রাজনৈতিক জীবনে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। নারীদের জন্য নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় এনসিপি নেতা সামসুজ্জামান হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, যুগ্ম-সদস্যসচিব ও বিভাগীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক, মহানগর শাখার সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল চৌধুরী, জেলা সদস্য সুহেল আহমেদ মূসা, আয়েশা সিদ্দিকা প্রিয়া ও মো. গিয়াস উদ্দিন।






আপনার মতামত লিখুন