সোনারগাঁয়ে পৃথক দুই স্থান থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সকালে পৃথক দুই স্থান থেকে অজ্ঞাত দুই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে প্রথমে চৈতী গার্মেন্টসের সামনে থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে এসপি-খ সার্কেল ইমরান আহমদ এবং সোনারগাঁ থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা হত্যা করে মরদেহটি মহাসড়কের পাশে ফেলে যায়।
এরপর সকাল ১০টার দিকে নোয়াগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিজয়নগরের নতুন রাস্তায় স্থানীয়রা আরেক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, দুই ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
এদিকে টানা কয়েক মাস সোনারগাঁ থানায় স্থায়ী অফিসার ইনচার্জ (ওসি) না থাকায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, সম্প্রতি খুন, সংঘর্ষ ও মাদকদ্রব্যের বিস্তার বৃদ্ধি পেয়েছে; এমনকি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যও বেড়েছে।
স্থানীয়দের বক্তব্য— “আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত একজন চৌকস অফিসারকে সোনারগাঁ থানায় নিয়োগ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক। পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হোক।”






আপনার মতামত লিখুন