জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বস্ত্র ও পাটমন্ত্রী
জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি হলেও সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বড় ধরনের প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৫ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জ্বালানি মূল্য কিছুটা বাড়লেও তার প্রভাব অত্যন্ত সীমিত। তিনি উদাহরণ দিয়ে জানান, ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে একটি ট্রাকে প্রায় ৩০ লিটার ডিজেল খরচ হয়, যার অতিরিক্ত ব্যয় প্রায় ৪৫০ টাকা। ফলে প্রতি কেজি পণ্যে গড় ব্যয় বৃদ্ধি দাঁড়ায় মাত্র কয়েক পয়সা, যা দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ হতে পারে না।
তিনি আরও বলেন, বাজারে অনেক সময় বাস্তব কারণের চেয়ে গুজব ও অতিরঞ্জিত ধারণার কারণে অযৌক্তিক দাম বৃদ্ধি পায়। এ বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানান তিনি।
রপ্তানি খাতে বৈশ্বিক সংকটের প্রভাবের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বিশ্ব বাণিজ্যে চাপ সৃষ্টি করেছে। তবে সরকার শিল্প খাতে জ্বালানি নির্ভরতা কমাতে এবং এলএনজি আমদানি সক্ষমতা বাড়াতে কাজ করছে।
পাটখাত নিয়ে তিনি বলেন, দেশকে পাটবীজে স্বনির্ভর করতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি পর্যায়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করা যায়।
তিনি আরও জানান, কাঁচা পাট রপ্তানির বদলে পাটজাত পণ্য রপ্তানি বাড়ালে দেশে মূল্য সংযোজন ও কর্মসংস্থান উভয়ই বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংসদ সদস্য আবুল কালাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির এবং জেলা প্রশাসক মো. রাহমান।






আপনার মতামত লিখুন