হ্যাকড হওয়ার পর উদ্ধার ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ
ইসলামী ব্যাংক
বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হওয়ার কয়েক ঘণ্টা পরই ফের নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে পেজটি হ্যাকড হয়। তবে দিনভর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর বিকেল ৪টার দিকে সেটি পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে ব্যাংকের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম জানান, “সকালে আমাদের অফিসিয়াল পেজ হ্যাকড হয়। পরে আমরা ফেসবুকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখি এবং বিকেলের মধ্যে নিয়ন্ত্রণ ফিরে পাই।”
হ্যাকড হওয়ার পর একটি পোস্টে ‘হ্যাকার গ্রুপ’ নিজেদের পরিচয় দিয়ে দাবি করে, “বাংলাদেশ ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষের অনৈতিক আচরণের প্রতিবাদে আমরা এই পেজের নিয়ন্ত্রণ নিয়েছি। অন্যায়ভাবে চাকরিচ্যুতদের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।” তবে কিছুক্ষণ পর সেই লেখা মুছে ফেলা হয়।
উল্লেখ্য, সম্প্রতি ইসলামী ব্যাংকে বড় পরিসরে ছাঁটাই কার্যক্রম চলছে। ইতোমধ্যে চার শতাধিক কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন এবং প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এই প্রেক্ষাপটে ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড হওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






আপনার মতামত লিখুন