ইরানে মার্কিন হামলার পরই তেলের দাম লাফিয়ে বেড়েছে আন্তর্জাতিক বাজারে
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন দেখা গেছে। সোমবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ৭৯ ডলারের ওপরে উঠে গেছে, যা এক লাফে ৩ শতাংশের বেশি বৃদ্ধি। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এই বাজার অস্থিরতা দেখা দিয়েছে।
পশ্চিম এশিয়ার এই দেশটিতে মার্কিন ওই হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে তেলের দাম। অবশ্য ইরানে হামলার ফলে যে এমন কিছু ঘটতে পারে, তার পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল অনেকটা।এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের হামলার পর এনার্জি মার্কেট আবার খুলেছে এবং এর সঙ্গে সঙ্গে তেলের বাজারে দেখা গেছে তাৎক্ষণিক প্রভাব।
ব্রেন্ট ক্রুড নামে পরিচিত আন্তর্জাতিক মানদণ্ডের অপরিশোধিত তেলের দাম শুরুর লেনদেনে ৩ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল তেলের দাম ৭৯ মার্কিন ডলারের ওপরে উঠে গেছে।
বিশ্লেষকরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের ফলে তেল সরবরাহে ব্যাঘাত ঘটার আশঙ্কায় বাজারে অস্থিরতা বাড়বে, আর সেই আশঙ্কাই এখন বাস্তবে রূপ নিচ্ছে।
বিশেষ করে, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ এখান দিয়ে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ তেল রপ্তানি হয়ে থাকে।






আপনার মতামত লিখুন