হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। যুদ্ধ পরিস্থিতি প্রশমিত করতে প্রণালিটি পুনরায় চালুর ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শর্ত পাঠিয়েছে তেহরান।
পাকিস্তানের মাধ্যমে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে, হরমুজ প্রণালি চালু করা যেতে পারে—তবে এর বিনিময়ে পরমাণু সংলাপের পরবর্তী ধাপ সাময়িকভাবে স্থগিত রাখতে হবে। সোমবার (২৭ এপ্রিল) রয়টার্সে তথ্য প্রকাশ করে, যা অ্যাক্সিওসের প্রতিবেদনের বরাতে জানানো হয়।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বর্তমানে কার্যত অচল হয়ে আছে। সংঘাত শুরুর পর প্রথমে ইরান প্রণালিটি বন্ধ ঘোষণা করে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র সেখানে অবরোধ আরও জোরদার করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে স্থায়ী যুদ্ধবিরতি আলোচনায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। প্রণালিটি পুনরায় চালুর প্রস্তাব দিয়ে ইরান কূটনৈতিক উদ্যোগ বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে প্রস্তাবটি নিয়ে ওয়াশিংটনে উদ্বেগও দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যদি হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা হয় এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের একটি বড় হাতিয়ার কমে যেতে পারে।
এতে করে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হ্রাস বা দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করতে রাজি করানো কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ও ওমান সফর শেষে রাশিয়ায় পৌঁছেছেন, যেখানে তিনি আরও কূটনৈতিক আলোচনায় অংশ নিচ্ছেন।
বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতার এই পর্যায়ে হরমুজ প্রণালিকে ঘিরে আলোচনার অগ্রগতি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।






আপনার মতামত লিখুন