চাঁদপুর যেন ভিক্ষুকের নগরী!
ভিক্ষুকমুক্তকরণ তহবিল নিয়ে ধোঁয়াশা!
উত্তোলনকৃত অর্থের বন্টন ও সুফল নিয়ে জনমনে প্রশ্ন!

চাঁদপুরে ভিক্ষুকে সয়লাব- ছবি- সংগৃহিত
২০১৮ সালের মধ্যে দেশে সব ভিক্ষুককে পুনর্বাসন করার পরিকল্পনা গ্রহণ করেছিল সরকার। সেই পরিপ্রেক্ষিতে সরাসরি, ভিডিও কনফারেন্স ও পত্রযোগাযোগের মাধ্যমে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকারগুলোতে নির্দেশনা পাঠায়। তারই আলোকে ২০১৮ তৎকালীন চাঁদপুর জেলা প্রশাসন ভিক্ষুকমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়নে জেলার সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে মূল বেতনের একদিনের টাকা নেয়। এছাড়া জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক-কর্মচারীদের একদিনের বেতন নেয়া হয়েছিল। এইসব অর্থ সঠিক ব্যবহার করা হয়েছিল কিনা এই নিয়ে প্রশ্ন অনেকদিনের।
তৎকালীন সময়ে জানা গিয়েছিল সংগৃহিত টাকার পরিমাণ কোটি টাকার বেশি। তবে ৭ বছর অতিবাহিত হলেও এই টাকা দিয়ে কতজন ভিক্ষুকের পূর্ণবাসন হয়েছে এবং সেসকল পুনর্বাসিত ভিক্ষুকের বর্তমান অবস্থা কি তা নিয়ে কানাঘুঁষা চলছে। বর্তমানে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভিক্ষুক ফান্ডে ৪৬ লক্ষ ১০ হাজার ৮শ ৯৬ টাকা অবশিষ্ট রয়েছে। মোট কত টাকা উত্তোলিত হয়েছিল, কোন কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে এবং অবশিষ্ট ফান্ড নিয়ে ভবিষ্যৎ ভিক্ষুকমুক্ত করণ পরিকল্পনা জানাতে পারেনি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট শাখা।
এছাড়া সরকারিভাবে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতি বছর আলাদাভাবে ভিক্ষকমুক্তকরণের জন্য বরাদ্দ আসে। কিন্তু বাস্তব চিত্র হলো, চাঁদপুর শহর যেন এখন ভিক্ষুকের নগরী।
উত্তোলনকৃত সেই উদ্যোগের সুফল আজও মেলেনি চাঁদপুরে। জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হলেও এখনো চলছে ভিক্ষাবৃত্তি। ফলে ভিক্ষুকমুক্তকরণ শুধু খাতা-কলমেই। শহরের রেল স্টেশন, বাসস্ট্যান্ড, মসজিদ,বাসা- বাড়িতে, অলি-গলিতে এবং খোদ জেলা প্রশাসনের নাকের ডগায় নিয়মিত বৃদ্ধ থেকে অল্প বয়সের অনেক ভিক্ষুককে দেখা যায়। লক্ষণীয় বিষয় হচ্ছে, এদের জন্য শহরের রাস্তায় হাঁটাও দুষ্কর। গাড়িতে উঠতে-নামতে, চলার পথে কিংবা খাবার স্থলে এরা চারপাশ ঘিরে ধরে। তাছাড়া অল্প বয়সের শিশুরাতো পা জড়িয়ে বসে থাকে।
চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সুত্রে জানা যায়, জেলার জন্য এই পর্যন্ত অর্থবছরগুলোর প্রাপ্ত বরাদ্দকৃত অর্থ ২০১৭-২০১৮=৪ লক্ষ টাকা ২০১৮-২০১৯=৭ লক্ষ টাকা ২০২০-২০২=১৬ লক্ষ ৫০ হাজার টাকা, ২০২১-২০২২=১৩ লক্ষ ২৫ হাজার টাকা ২০২২-২০২৩=১০ লক্ষ ২১ হাজার টাকা, ২০২৩-২০২৪=৩ লক্ষ ৮২ হাজার ২শ ৬৪টাকা। মোট ৪৪ লক্ষ ৭৮ হাজার ,২শ ৬৪ টাকা।

কোভিড ১৯ অতিমারীকালীন ২০২০ সালের ৬ মে ত্রাণ হিসেবে বিতরণ ৬,০০,০০০/-২০১৭-২০১৮-১০লাখ টাকা ২০১৮-২০১৯-১ লাখ/- টাকা ২০১৯-২০২০-১ লাখ/-টাকা ২০২০-২০২১-১ লাখ-টাকা ২০২১-২০২২-১ লাখ ৫০ হাজর টাকা ২০২২-২০২৩-১ লাখ টাকা। ২০২৩-২৪-৮১ হাজার টাকা ১০ লাখ ৩১ হাজর টাকা। মোট ৫৫ লক্ষ ৯ হাজার ২শ ৬৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা সমাজসেবা অধিদপ্তর গত ১ যুগে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান জন্য চাঁদপুর পৌরসভা ১৮ জনের পুর্নবাসন ৭ লক্ষ ৩০ হাজার টাকা, কচুয়া ১৪ জনের জন্য ৫ লাখ ২০ হাজার টাকা, শাহরাস্তি ১১ জনের জন্য ৫ লাখ ৮১ হাজার টাকা, হাজীগঞ্জ ১৫ জনের জন্য ৮ লাখ ৯২ হাজার টাকা, চাঁদপুর সদর ৩৬ জনের জন্য ৫ লাখ ৯৪ হাজার টাকা, মতলব দক্ষিণ১১ জনের জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা, হাইমচর ৯ জনের জন্য ৪ লাখ ২০ হাজার টাকা ও মতলব উত্তর১১ জনের জন্য ৪ লাখ ২৫ হাজার টাকা, ও ফরিদগঞ্জ ২ জনের জন্য ১ লাখ। সবমিলিয়ে জেলায় ১৩৬ জন ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান জন্য ৫২ লক্ষ ৩৭ হাজার ১শ ৩২ টাকা খরচ করা হয়েছে।

উল্লেখ্য প্রাচীন কাল থেকেই মানব সমাজে ভিক্ষাবৃত্তি চলে আসছে। উপমহাদেশেও এর ইতিহাস দীর্ঘদিনের। বৃটিশ ও পাকিস্তান আমলের শোষন, বঞ্চনা এবং নদী ভাঙ্গন, দারিদ্র্য, রোগ-ব্যাধি, অশিক্ষা ইত্যাদি কারণে ভিক্ষাবৃত্তির ব্যাপক বিস্তৃতি ঘটে। বর্তমান সময়ে কিছু মানুষের কর্ম বিমুখতা এবং একদল স্বার্থান্বেষী মহলের অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ভিক্ষাবৃত্তির ব্যাপক প্রসার ঘটেছে। ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। এটি স্বীকৃত কোন পেশা নয়। বর্তমানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ ঘটেছে। ভিক্ষাবৃত্তির লজ্জা থেকে দেশকে মুক্ত করার সময় এসেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকতা স্বদেশ বাংলাকে বলেন, তৎকালীন জেলা প্রশাসন আমাদের একদিনের বেতন এবং সরকারি অনুদানের যদি সঠিক ব্যবহার করতেন তাহলে চাঁদপুরে এতো ভিক্ষুক দেখা যেতোনা। চাঁদপুরে এমন কোন জায়গায় নেই যেখানে ভিক্ষুক দেখা যায়না। প্রশাসনকে এই ব্যপারে এখনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
শহরের প্রফেসরপাড়ার বাসিন্দা নাজমুল হাসান বলেন, সকাল বেলা হলেই নিয়মিত ঘুম থেকে ভিক্ষুকেই উঠায়৷ এরপর সারাদিন একেরপর এক আসতেই থাকে। মনে হয়ে ভিক্ষা একটা ব্যবসায় পরিনত হয়েছে। ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূল করা না গেলে ভবিষ্যতে তাদের উপদ্রব দিন দিন বাড়বে।
প্রশাসনিক কর্মকর্তা মো: শাহ আলম স্বদেশ বাংলাকে বলেন, ২০১৮ সালে আমি দায়িত্বে ছিলাম না তাই এই ব্যপারে আমি কিছু বলতে পারবোনা।
দেশে দারিদ্র্য নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’’ শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে। আগস্ট ২০১০ খ্রিঃ হতে কর্মসূচি’র কার্যক্রম শুরু হয়। ২০১০ সাল হতে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম শুরু হলেও তা তেমন ব্যাপকতা পায়নি। বর্তমান জনবান্ধব সরকার ভিক্ষাবৃত্তির মত সামাজিক ব্যধিকে চিরতরে নির্মূলের বিষয়ে অত্যন্ত আন্তরিক। বিষয়টি বিবেচনায় এনেই ২০১৭-২০১৮ অর্থ বছরে প্রথম বারের মত দেশের ৫৮টি জেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের নিমিত্তে অর্থ প্রেরণ করা হয়। চাঁদপুর জেলাও এ কর্মসূচির আওতাভূক্ত।
চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও (বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান)আলমগীর হোসাইন বাহার স্বদেশ বাংলাকে বলেন, চাঁদপুর ভিক্ষুকদের জন্য বরাদ্দকৃত অর্থের সুফল মিলেনি এটা খুবই দুঃখজনক।
জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন বলেন বর্তমানে ভিক্ষুক ফান্ডে ৪৬ লক্ষ ১০ হাজার ৮শ ৯৬ টাকা অবশিষ্ট রয়েছে। এই ব্যপারে আমি কিছু জানি না। আমার কাছে শুধু একাউন্টের হিসাব আছে এছাড়া কোন তথ্য নেই। এটা সমাজসেবা অধিদপ্তর বলতে পারবে।

চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো: নজরুল ইসলাম ‘দৈনিক স্কদেশ বাংলাকে বলেন আমরা চলতি অর্থবছরে ১৩৬ জন ভিক্ষুককে পুনবাসন করেছি। তবে তৎকালীন জেলা প্রশাসনকৃত জেলার চাকরিজীবীদের উত্তোলনকৃত একদিনের বেতনের বিষয়টি ভিক্ষুক পূর্ণবাসনের জন্য জেলা প্রশাসন আন্ডারে ছিলো এটার সাথে সমাজসেবার বরাদ্দকৃত অর্থের সম্পর্ক নেই। তিনি আরও উল্লেখ করে বলেন, প্রতি বছর ভিক্ষুকদের পুনর্বাসনে সরকারের একটা বাজেট বরাদ্দ থাকে। বরাদ্দকৃত অর্থ জেলা সমাজসেবায় মাধ্যমে বন্টন হয়ে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য তাদের রিকশা-ভ্যান কিনে দেওয়া, দোকান করে দেওয়াসহ তারা যাতে কাজ করে, সেই ব্যবস্থা করা হয়।
তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (বর্তমান উপসচিব) আব্দুলাহ আল মাহমুদ জামান স্বদেশ বাংলাকে বলেন তবে আমাদের সময় ৫ টি হোটেল ভিক্ষুক ও অসহায়দের খাওয়ানো হয়েছিল। এর বাহিরে ভিক্ষুক পূর্ণবাসন হয়েছে এমন কোন তথ্য আমার জানা নাই।
অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন ভিক্ষুক কর্মসুচির বিষয়টি আমার জানা নেই। বিস্তারিত জানার জন্য সাখাওয়াত সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন।
জেলা প্রশাসনের তৎকালীন ফান্ড এবং ভিক্ষুক পুনর্বাসন সম্পর্কে অবগত আছেন কিনা এই প্রশ্নে জেলা প্রশাসক চাঁদপুর মো: মোহসীন উদ্দীন বলেন, এই বিষয়টি আমি শুনেছি কিন্তু বিস্তারিত অবগত নই।






আপনার মতামত লিখুন