কচুয়ায় ডোবা থেকে অজ্ঞাত কঙ্কাল উদ্ধার
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের জয়নগর গ্রামে একটি ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মাথার খুলি ও শরীরের হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন মাস ধরে নিখোঁজ থাকা একই গ্রামের স্কুলছাত্র মো. সাকিবুল হাসানের পরিবার দাবি করছে—উদ্ধার হওয়া কঙ্কালটি তাদের সন্তানের হতে পারে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির উত্তরের ডোবায় মাথার খুলি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ খুলিসহ বিভিন্ন হাড় সংগ্রহ করে থানায় নিয়ে যায়।
নিখোঁজ সাকিবুল (১৪) রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তিন মাস আগে হঠাৎ নিখোঁজ হওয়ার পর পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিল। বহু অনুসন্ধানেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
সাকিবুলের বাবা গাজী কাদির ও দাদা মনতাজ গাজী বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে ছেলেটিকে খুঁজেছি। আজ যে কঙ্কাল উদ্ধার হয়েছে, মনে হচ্ছে সেটা আমাদের সাকিবুলেরই। হয়তো তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল।”
স্থানীয় কৃষকরা জানান, মাঠে কাজ করতে গিয়ে প্রথমে খুলিটি দেখতে পান। এরপর এলাকাবাসী পুলিশকে বিষয়টি জানায়।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন,
“উদ্ধার করা মাথার খুলি ও হাড় সংগ্রহ করে প্রয়োজনীয় পরীক্ষার জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষা শেষে নিশ্চিতভাবে জানা যাবে—কঙ্কালটি কার।”
উদ্ধার হওয়া কঙ্কালকে ঘিরে এলাকাজুড়ে শোক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।






আপনার মতামত লিখুন