বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার বাড়ল
আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। দুর্বল মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন—এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সোনার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় ০৬টা ৩৯ পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,১৯৫.৯৯ ডলারে পৌঁছায়। এর আগে মঙ্গলবার তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল স্বর্ণ। তবে এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার ০.২ শতাংশ কমে ৫,২১৩.৫০ ডলারে লেনদেন হয়েছে।
ওসিবিসি ব্যাংকের কৌশলবিদ ক্রিস্টোফার ওয়ং বলেন, নতুন শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা, ডলারের দুর্বলতা ও ভূরাজনৈতিক উত্তেজনা বাজারে দামের পুনর্মূল্যায়নকে ত্বরান্বিত করছে। তার মতে, ডলারের ওঠানামা, শুল্কসংক্রান্ত সম্ভাব্য চমক এবং ফেডের নীতিগত দিকনির্দেশনা—সব মিলিয়ে বাজারে আপাতত দ্বিমুখী প্রবণতা থাকতে পারে।
চিপ নির্মাতাএনভিডিয়ার প্রত্যাশার চেয়ে ভালো আয় প্রকাশ করায় শেয়ারবাজারে কিছুটা ইতিবাচক সাড়া মিলেছে। তবে আমদানি পণ্যে নতুন মার্কিন শুল্ক আরোপের বিস্তারিত ঘোষণার অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। দুর্বল ডলার অন্য মুদ্রার ধারকদের জন্য ডলারভিত্তিক স্বর্ণকে তুলনামূলক সস্তা করে তোলে, যা চাহিদা বাড়াতে সহায়ক হয়।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ইঙ্গিত দিয়েছেন, বিদ্যমান ১০ শতাংশ শুল্কের পরিবর্তে কিছু দেশের ক্ষেত্রে হার ১৫ শতাংশ বা তারও বেশি হতে পারে, যদিও নির্দিষ্ট দেশের নাম প্রকাশ করা হয়নি।
বাজার বিশ্লেষকদের ধারণা, চলতি বছরে ফেডারেল রিজার্ভ তিন দফায় ২৫ বেসিস পয়েন্ট করে সুদহার কমাতে পারে। সাপ্তাহিক বেকারত্ব ভাতার আবেদনসংক্রান্ত তথ্য থেকে ফেডের ভবিষ্যৎ নীতিপথ সম্পর্কে আরও ইঙ্গিত পাওয়ার অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
এদিকে সুইজারল্যান্ডের জেনেভা-য় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পারমাণবিক ইস্যু ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে Deutsche Bank জানিয়েছে, সোনার পাশাপাশি রুপা ও অন্যান্য ‘হোয়াইট মেটাল’-এর দামও বাড়ার গতি পেয়েছে। ব্যাংকটির পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষে প্রতি আউন্স রুপার দাম ১০০ ডলারে পৌঁছাতে পারে, যা গোল্ড-সিলভার অনুপাত ৬০-এর ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।
বাজারে স্পট সিলভার ০.১ শতাংশ বেড়ে ৮৯.৪৮ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম ০.৮ শতাংশ বেড়ে ২,৩০৫.২০ ডলার হয়েছে। আর প্যালাডিয়াম ০.১ শতাংশ কমে ১,৭৯৩.৮৪ ডলারে লেনদেন হয়েছে। আগের সেশনে এ ধাতুগুলোও তিন সপ্তাহের সর্বোচ্চ স্তরে উঠেছিল।






আপনার মতামত লিখুন