টানা বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন
দেশের বাজারে ধারাবাহিক বৃদ্ধির পর এবার স্বর্ণের দামে বড় ধরনের পতন এসেছে। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছিল। তখন ২২ ক্যারেটের ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা এবং ২১ ক্যারেটের ভরি ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা করা হয়।






আপনার মতামত লিখুন