আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুফতি আমির হামজা জানান, গতকাল থেকেই বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পোস্টে তিনি লেখেন, তিনি মৃত্যুকে ভয় পান না এবং সবকিছুর জন্য প্রস্তুত আছেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কুষ্টিয়ায় ইনসাফ প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু হয়েছে, তার অনুপস্থিতিতেও যেন তা অব্যাহত থাকে। পাশাপাশি তিনি তার তিন কন্যাসন্তানের বিষয়ে সবার দৃষ্টি রাখার অনুরোধ জানান।
এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মুফতি আমির হামজা বলেন, একটি টেলিভিশন টকশোতে বিএনপির এক সংসদ সদস্য প্রার্থী সরাসরি হুমকিমূলক বক্তব্য দিয়েছেন বলে তিনি মনে করেন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানাবেন বলেও উল্লেখ করেন।
হুমকির উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি নয়— বিভিন্ন দিক থেকেই হুমকি আসছে। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দলীয়ভাবেও বিষয়টি দেখা হচ্ছে বলে জানান তিনি।
পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে মুফতি আমির হামজা বলেন, তার সন্তানরা ছোট হওয়ায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা রয়েছে।






আপনার মতামত লিখুন