দেশের ক্ষতি হলে ‘প্রতিরোধ গড়ে তোলা হবে’ —ডা. শফিকুর রহমান
সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা করা হবে, তবে দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড হলে বিরোধী দল নীরব থাকবে না বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারের ভুলত্রুটি তুলে ধরা তাদের দায়িত্ব। তিনি বলেন, “সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, আমরা সহযোগিতা করব। কিন্তু দেশের কোনো ক্ষতি হলে আমরা চুপ করে বসে থাকব না। প্রয়োজনে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখছে। বিশেষ করে বর্তমান সংসদকে আগের সংসদগুলোর তুলনায় ব্যতিক্রম মনে করছে দেশটি। কারণ, বিরোধী দল একদিকে যেমন সমালোচনা করছে, অন্যদিকে প্রয়োজনীয় সহযোগিতাও করছে।
বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশে দক্ষ ও আধুনিক ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। এ কারণে বহু রোগীকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হয়।
তিনি জানান, জাপানের কাছে বাংলাদেশে একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। এতে শুধু চিকিৎসাই নয়, উচ্চশিক্ষা ও দক্ষ জনবল তৈরির সুযোগও তৈরি হবে বলে তিনি মনে করেন।
জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন ৬৪ জন জুলাই যোদ্ধার খোঁজখবর নিতে তিনি সেখানে গিয়েছিলেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় আহতদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করে তাদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন বিরোধীদলীয় নেতা।






আপনার মতামত লিখুন