রাজপথে সাত দল: সরকারের বিরুদ্ধে নাকি বিএনপির প্রতিপক্ষ তৈরির চেষ্টা?
একই সময়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে রাজপথে কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীসহ অন্তত সাতটি রাজনৈতিক দল। যদিও তারা কাগজে-কলমে কোনো জোট গঠনের ঘোষণা দেয়নি, তবে বিএনপির বিপরীতে একধরনের শক্তি তৈরির চেষ্টা চলছে কি না— তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।
আন্দোলনে নামা দলগুলোর দাবি প্রায় একই: আগামী ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, আনুপাতিক (পিআর) ভোট ব্যবস্থা, সমান প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ।
তবে এসব দাবির কিছু বিষয়ে বিএনপির অবস্থান ভিন্ন। যেমন— বিএনপি পিআর পদ্ধতি বা গণভোটে রাজি নয় এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি থেকেও তারা দূরে থাকতে চায়। তাই দৃশ্যত সরকারবিরোধী হলেও জামায়াতসহ অন্যান্য ইসলামী দলগুলোর আন্দোলন আসলে বিএনপির সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বকেই উসকে দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
রাজপথে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিসের দুটি অংশ, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-কে। এদিকে এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টি যুগপৎ আন্দোলনে নেই।
বিএনপি বলছে, আলোচনার মাধ্যমে যখন সমাধান খোঁজা হচ্ছে, তখন রাজপথে মবোক্রেসির চেষ্টা অগণতান্ত্রিক। তাদের মতে, রাজনৈতিক বিরোধ ভোটের মাঠেই জনগণের কাছে তুলে ধরতে হবে। তাই পাল্টা কর্মসূচি নয়, বরং নির্বাচনী প্রস্তুতিতেই এখন মনোযোগী তারা।
পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ পড়ায় একটি শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণে জামায়াতসহ কয়েকটি দল আন্দোলনের মাধ্যমে নিজেদের বড় রাজনৈতিক শক্তি হিসেবে দৃশ্যমান করার চেষ্টা করছে। যদিও জামায়াত দাবি করছে, তাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়, বরং জনগণের পক্ষে।






আপনার মতামত লিখুন