ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। ঘটনাটিকে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টা ৩৩ মিনিটে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন নিজেই স্বীকার করেছেন যে, মাহদী হাসানকে গ্রেপ্তারের পেছনে ‘ওসিকে হুমকি দেওয়া’ ও ‘নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা’র মতো অস্পষ্ট ও ভিত্তিহীন যুক্তি দেখানো হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী মাহদী হাসানকে অন্যায়ভাবে আটক করার দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহার করতে হবে।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে পুলিশ গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘটনাটি ঘিরে শিক্ষার্থী ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়েছে।






আপনার মতামত লিখুন