সিরাজগঞ্জে দুই শতাধিক বৈষম্যবিরোধীর নেতা বিএনপিতে যোগদান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকারসহ দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ ছাত্র বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপিতে যোগদান করেছেন।
এ কর্মসূচি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে অনুষ্ঠিত হয়।
যোগদানকারীদের মধ্যে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টি এম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, সিনিয়র মুখ্য সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান এবং সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা প্রমুখ।
ইকবাল হাসান মাহমুদ টুকু সদ্য যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশে যত সংস্কার হয়েছে জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়ার নেতৃত্বে তা সম্ভব হয়েছে। নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমান প্রস্তুত এবং তিনি ইতিমধ্যেই ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা আশা করি, তোমরা দলের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু যোগদানকারীদের ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় যোগদানকারী সাবেক যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন বলেন, “জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র আজ বিএনপিতে যোগদান করলাম। আমরা বিশ্বাস করি, বিএনপির হাত ধরে গণতান্ত্রিক দেশ গড়ে তোলা সম্ভব।”
সজীব সরকার যোগ করেন, “২৪-এর আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ হিসেবে আমাদের লক্ষ্য একটি সুন্দর বাংলাদেশ। বিএনপির গণতান্ত্রিক পরিবেশে আমরা তা অর্জনের আশা রাখি।”
এ সময় জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন এবং হারুন-অর-রশিদ খান হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন