জুলাই গণঅভ্যুত্থানে দায়ী পুলিশ কর্মকর্তাদের তালিকা করে ট্রাইব্যুনালে মামলা হবে : রিফাত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশজুড়ে ছাত্র-জনতা হত্যার ঘটনায় জড়িত থানার ওসি থেকে শুরু করে জেলা পুলিশ সুপার (এসপি) এবং ঊর্ধ্বতন কমান্ডিং কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যেসব থানার অধীনে ছাত্র ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন, সেই সব থানার ওসি, সংশ্লিষ্ট জেলার এসপি এবং ঊর্ধ্বতন কমান্ডিং কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করে তালিকা করা হচ্ছে। এই তালিকা আইসিটি ট্রাইব্যুনালে জমা দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করা হবে।
চলমান কর্মসূচির বিষয়ে রিফাত রশিদ জানান, সংগঠনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে রাষ্ট্রপতির মাধ্যমে একটি অধ্যাদেশ (অর্ডিন্যান্স) জারি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, তৃতীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনকালীন প্রধান দুই রাজনৈতিক জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করা হবে। তাদের নির্বাচনী ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হবে।
সাম্প্রতিক কিছু ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সুরভীদের সঙ্গে যা ঘটেছে, তা আর মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে আরও ঘোষণা দেওয়া হয়, জুলাই মাসে যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল, এবারও সব জুলাই বিপ্লবীদের একত্রিত করে ‘বৈষম্যবিরোধী ছাত্র প্ল্যাটফর্ম’কে জুলাই বিপ্লবীদের ভ্যানগার্ড হিসেবে পুনরায় সংগঠিত করা হবে।
রিফাত রশিদ বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় দাবি হলো শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করা।
এ সময় সংগঠনটি তিন দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে— মাহাদী ও সুরভীর নিঃশর্ত মুক্তি এবং ওমর ফারুকসহ সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করার দাবি জানানো হয়।
আরও দাবি করা হয়, জুলাই বিপ্লবে অবদান রাখা সেনা, নৌ, বিমানবাহিনীসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অবদান রাষ্ট্রীয়ভাবে লিপিবদ্ধ করতে হবে, তাদের সম্মাননা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন এবং ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির পর থেকে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়নের আহ্বান জানানো হয়।






আপনার মতামত লিখুন