শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের হাতাহাতি
রাজধানীর শাহবাগ থানা-র সামনে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শামসুন্নাহার হল-এর সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং ছাত্রশক্তির নেতাকর্মীরা জড়িয়ে পড়েন।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে একটি রিকশায় আনা মাইকের মাধ্যমে ভাষণটি বাজানো হলে সেখানে উপস্থিত কয়েকটি পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ইমি বলেন, শেখ মুজিবুর রহমান বাঙালির অস্তিত্বের প্রতীক। তাকে কোনো সময় ব্যবহার করে পরে ভুলে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতির জনক—এ বিষয়টি নিয়ে কোনো বিতর্ক নেই।
এদিকে ঘটনার জেরে ইমির পক্ষের দুই সদস্যকে ছাত্রশক্তির নেতাকর্মীরা পুলিশের কাছে সোপর্দ করে। রাত সাড়ে ১০টার দিকে তাদের শাহবাগ থানায় নেওয়ার সময় থানার ভেতরেও তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
ঘটনা প্রসঙ্গে পুলিশের ডিসি মাসুদ বলেন, যাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে একই দিন দুপুরে রাজধানীর চানখাঁরপুল মোড় এলাকায় সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থীসহ দুইজনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও জব্দ করা হয়। পরে তাদের আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে আবারও ভাষণটি বাজানো হয়।
আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হল-এর আবাসিক ছাত্র বলে জানা গেছে। তার সঙ্গে থাকা সাউন্ড বক্স পরিচালনাকারী অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।






আপনার মতামত লিখুন