উপদেষ্টা পদ ছাড়ার পর গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সদ্য পদত্যাগী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবার গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
রাশেদ খান বলেন, “গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আসিফ। কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী সব আন্দোলনে সে সামনের সারিতে ছিল। অনেক নির্যাতনও সহ্য করতে হয়েছে তাকে।”
তিনি আরও জানান, আসিফের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং তাকে দলে একটি সম্মানজনক দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। খুব দ্রুতই বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানান তিনি।
বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তই তার পদত্যাগের প্রধান কারণ।
তিনি বলেন, “আমি নির্বাচনে অংশ নেব—এটা নিশ্চিত। কোন দল থেকে করব, সেটা পরে জানাব।”
রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি ঢাকা-১০ (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ) আসন থেকে প্রার্থী হতে পারেন। ইতোমধ্যে তিনি এ আসনের ভোটার হয়েছেন বলেও জানা গেছে।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তিন ছাত্র প্রতিনিধির একজন হিসেবে যুক্ত হন আসিফ। তিনি প্রথমে শ্রম উপদেষ্টার দায়িত্ব পান; পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় তার ওপর ন্যস্ত করা হয়।






আপনার মতামত লিখুন