জনগণের কাছে দায়বদ্ধ সরকার গড়ার অঙ্গীকার তারেক রহমানের
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা
জনগণের কাছে দায়বদ্ধ সরকার গড়ার অঙ্গীকার তারেক রহমানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠনের অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওয়া ভাষণে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের সমর্থন পেলে আগামী দিনের সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক। দুর্নীতি দমনে যতটা কঠোর হওয়া সম্ভব, বিএনপি সরকার ততটাই কঠোর অবস্থান নেবে। একই সঙ্গে দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।
রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত ভাষণে তারেক রহমান বলেন, জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস। তাই সরকার ও রাষ্ট্রকে জনগণের কাছে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের মানুষকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বিশেষভাবে তরুণ ভোটারদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, নির্বাচনের পরদিন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের দায়িত্ব নেবেন এবং তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কি না, তা নিশ্চিত করার দায়ভার তিনি নিজে নেবেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় কর্মসূচি বাস্তবায়নে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
অতীতের শাসনামলে কোনো অনিচ্ছাকৃত ভুলত্রুটি হয়ে থাকলে সে জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সেসব ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আবারও জনগণের সমর্থন চান তিনি।






আপনার মতামত লিখুন