অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে আবারও সমর্থন চাইলেন তারেক রহমান
অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে আবারও সমর্থন চাইলেনঃ তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে এবং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় দলটি।
জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সময় বিএনপির কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে, যার জন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। অতীতের সেই অভিজ্ঞতা ও অর্জনকে ভিত্তি করেই আগামী দিনে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত ভাষণে তারেক রহমান বলেন, জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। কিন্তু ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয় সম্পদ ও সুযোগ-সুবিধা সাধারণ মানুষের পরিবর্তে গুটিকয়েক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল। এবারের নির্বাচনের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার ও রাষ্ট্রীয় সুযোগ নিশ্চিত করতে চায় বিএনপি।
তিনি জানান, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কথা মাথায় রেখেই বিএনপির আগামীর বাংলাদেশ পরিকল্পনা সাজানো হয়েছে। প্রতিবন্ধী জনগোষ্ঠী, ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ইমাম, খতিব ও মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণির মানুষের কল্যাণে রাষ্ট্রীয় সহায়তার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
প্রশাসন ব্যবস্থার প্রসঙ্গে তারেক রহমান বলেন, পতিত শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করে ফেলা হয়েছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রশাসনে দলীয়করণ নয়, বরং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়মতো জাতীয় পে স্কেল বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের সম্মান, সুরক্ষা ও বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষ শ্রমিকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার কথাও জানান তিনি।
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতিতেই দলটি বিশ্বাসী বলে উল্লেখ করেন তিনি।
ভাষণের শেষাংশে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা স্বাধীনতা, গণতন্ত্র এবং শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তারা যেন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেন। ধানের শীষের বিজয় মানেই বাংলাদেশের বিজয়—এমন মন্তব্য করেন তিনি।






আপনার মতামত লিখুন