তারেকের উদ্দেশে
ইসি বলছে অনশন কর্মসূচি ‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে টানা ১২৩ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন করছেন ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান।
তবে ইসি বলছে, অনশন যত ঘণ্টাই চলুক, নিয়মের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। নির্বাচন কমিশন নিয়মের বাইরে যেতে পারে না—এইটাই আমার উত্তর।”
এদিকে অনশনকারীর শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল গেটের সামনে দেখা যায়, স্যালাইন হাতে শুয়ে আছেন তারেক রহমান। দুর্বল কণ্ঠে কথা বলছেন, শরীরে প্রচণ্ড ব্যথা—তবু তিনি দাবি থেকে সরে আসতে রাজি নন।
নিজের অবস্থান জানাতে গিয়ে তিনি বলেন, “অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে? পরে সেটা ৩৩ কিভাবে হলো, আমি মানতে পারছি না।”
ইসি থেকে কেউ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে তারেক রহমান জানান, “শেষবার বৃহস্পতিবার এক উপসচিব এসেছিলেন। এরপর আর কেউ আসেনি, কোনো যোগাযোগ বা চিঠিও পাইনি।”
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ইসি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমোদন দেয়। তবে তালিকা থেকে বাদ পড়ে ‘আমজনতার দল’, যার পরই আগারগাঁওয়ে অনশন শুরু করেন তারেক রহমান।
ইসি জানিয়েছে, শিগগিরই নিবন্ধন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং আপত্তি বা দাবি থাকলে তা নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।






আপনার মতামত লিখুন