অ্যাপ হ্যাক করে ইউক্রেনে পারমাণবিক হামলার ভুয়া বার্তা রাশিয়ার
আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ
ছবি-সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে পারমাণবিক ও রাসায়নিক হামলা হবে এমন বার্তা পাঠানো হয় সেখানকার সাধারণ মানুষের কাছে। ইউক্রেনের সরকারি অ্যাপ থেকে এমন বার্তা পাওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। তবে পরবর্তীতে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তাদের অ্যাপটি রাশিয়া হ্যাক করেছে। এরপর তারা মানুষকে আতঙ্কিত করতে অ্যাপের মাধ্যমে ভুয়া সতর্কতা পাঠিয়েছে।
স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) অ্যাপ হ্যাক করে রাশিয়ার থেকে আরও বার্তা দেওয়া হয় সেখানে সম্মুখ লড়াই হবে। এতে আরও বলা হয় রাশিয়া তাদের হাইপারসনিক ওরেশনিক মিসাইল মোতায়েন করেছে। যা মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দেয়।
এমন অবস্থায় ইউক্রেনীয় বিমানবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, “এয়ার অ্যালার্ট অ্যাপটি শত্রুদের নিয়ন্ত্রণে আছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনে কোনো ধরনের রাসায়নিক বিকিরণের হুমকি নেই। শান্ত থাকুন এবং আমাদের আপডেটের ওপর নজর রাখুন।”
ইউক্রেনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন এই হ্যাকের জন্য রাশিয়াকেই দায়ী করেছে।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, অ্যাপটির মাধ্যমে সাধারণ ইউক্রেনীয়দের যে কোনো আকাশ হামলার ব্যাপারে তাৎক্ষণিক আপডেট দেওয়া হয়। রাজধানী কিয়েভের জন্য আলাদা আরেকটি অ্যাপ আছে, সেটি স্বাভাবিকভাবেই ওই সময় কাজ করছিল বলে জানা গেছে। অর্থাৎ রাশিয়ানরা একটি অ্যাপ হ্যাক করেছিল।
এদিকে এ ঘটনার পর আজ সোমবার সকালে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানায়, তাদের মোবাইল অ্যাপ ‘বিশাল সাইবার হামলার’ শিকার হয়েছে। যার ফলে সাধারণ মানুষের কাছে অনেক ভুয়া তথ্য গেছে।
ধারণা করা হচ্ছে, ইউক্রেন পাল্টা প্রতিশোধ হিসেবে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের অ্যাপ হ্যাক করেছে।
সূত্র: আলজাজিরা






আপনার মতামত লিখুন