গোপালগঞ্জে এক দিনেই আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর পদত্যাগ
স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৫১ জন নেতাকর্মী একদিনে দলীয় দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার পৃথক সংবাদ সম্মেলনে তারা নিজেদের সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা, সদস্য পলাশ মোল্লাসহ ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের একাধিক নেতাকর্মী।
এছাড়া উজানী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হরিদাস বিশ্বাস, সহসভাপতি প্রণয় কর্মকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহন বাঁশি পান্ডে, সদস্য নিপেন পান্ডে, বুদ্ধিকান্তি পান্ডে ও মৃত্যুঞ্জয় পান্ডে, ৬ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খিপু মোল্লা, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াদ আলী মোল্লা, মহারাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সঞ্জিত দত্ত এবং গোবিন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কালাচান দাসও পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, ব্যক্তিগত সিদ্ধান্তে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক পদ, প্রাথমিক সদস্যপদ এবং দলীয় কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছেন। একই সঙ্গে ভবিষ্যতে দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না থাকার কথাও উল্লেখ করেন।
মুকসুদপুরে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ধারাবাহিক পদত্যাগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ ও জল্পনা-কল্পনা চলছে।






আপনার মতামত লিখুন